ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আপাতত কার্যকর হচ্ছে না।
আপিল বিভাগের চেম্বার আদালত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ওই আদেশ বুধবার পর্যন্ত স্থগিত রাখেন। এ সময়ের মধ্যে নিয়মিত বেঞ্চে বিষয়টির ওপর পূর্ণাঙ্গ শুনানি হবে। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
এর আগে, ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তার আবেদনের প্রেক্ষিতেই আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেম্বার আদালতের আদেশের ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের আর কোনো আইনি বাধা নেই।