১৬ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়
পদ্মা সেতুতে গত ১৬ ঘণ্টায় ৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার পঞ্চাশ টাকা টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা হতে শুক্রবার (৬ জুন) বিকেল চারটা পর্যন্ত এই টোল আদায় হয়। এ সময় সেতু দিয়ে মোট ২৮ হাজার ৫২১ টি যানবাহন পারাপার হয়।
এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ২৪৯টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ২৭২টি পরিবহন পদ্মা সেতু অতিক্রম করেছে। বিষয়টি শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইড অফিসার আবু সাঈদ।
এর আগে গত বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর্যন্ত এ সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে রেকর্ড পরিমাণ টোল আদায় করা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা।
এর আগে গত বছর ঈদুল ফিতরে আগে এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। যা ছিল পদ্মা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ টোল। ’
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন হয়। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।