| শিরোনাম: |
মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল (ফাইল ছবি)
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে উদারভাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। ২০১৭ সালে মায়ানমার থেকে প্রায় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এটি সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। নতুন আশ্রয়প্রার্থীদের অধিকাংশই নারী ও শিশু।
ইউএনএইচসিআর জানায়, গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। তবে অনেককে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও তারা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন।
কক্সবাজারের মাত্র ২৪ বর্গকিলোমিটার জায়গায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাসের কারণে এটি ইতিমধ্যে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ক্যাম্পে পরিণত হয়েছে।
জাতিসংঘ বলছে, নতুন করে আরো রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বিদ্যমান সহায়তা ব্যবস্থার ওপর চরম চাপ পড়ছে।
খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়ের জন্য নতুন করে আগতরা অনেকাংশেই আগের রোহিঙ্গাদের ওপর নির্ভরশীল। ইতিমধ্যে দাতাগোষ্ঠী তহবিল সংকটে পড়ায় গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে।
ইউএনএইচসিআর বলছে, শিগগিরই অতিরিক্ত তহবিল নিশ্চিত না হলে আগামী সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং জরুরি রান্নার জ্বালানি (এলপিজি) ফুরিয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। এতে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু (যাদের মধ্যে ৬৩ হাজারই নতুন আসা), তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়বে।
এমন সংকটে রোহিঙ্গাদের মাঝে হতাশা, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা বাড়ছে জানিয়ে ইউএনএইচসিআর বলছে, রোহিঙ্গাদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে।
রোহিঙ্গারা ইতোমধ্যে সহায়তা কমে যাওয়ার তীব্র প্রভাব টের পাচ্ছে। তারা আশঙ্কা করছে, সামনে আরও কাটছাঁট আসছে। এতে হতাশা ও উদ্বেগ বেড়ে যাচ্ছে এবং কিছু রোহিঙ্গা নিরাপত্তা ও পরিবারের জন্য আরও উন্নত জীবনের সন্ধানে বিপজ্জনক সাগরপথে অন্য দেশে পাড়ি জমাচ্ছে।
এদিকে গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের সদর দপ্তরে সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিশানা করে সহিংসতা ও তাদের ওপর নিপীড়ন চলছে। এ ছাড়া মিয়ানমারজুড়ে চলছে সশস্ত্র সংঘাত। এতে বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত পেরিয়ে হাজার হাজার রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে।
বাবর বালুচ বলেন, ২০১৭ সালের পর সবচেয়ে বেশিসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার ঘটনা এটি। সেই বছর প্রাণঘাতী সহিংসতার মুখে ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা রাখাইনে তাঁদের বাড়িঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে এসেছিলেন।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বর্তমানে আনুষ্ঠানিকভাবে বন্ধ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারিতে রয়েছে। মিয়ানমারে সংঘাত অব্যাহত থাকায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে ইউএনএইচসিআর, যাতে সংঘাত থেকে পালিয়ে আসা বেসামরিক মানুষদের জন্য নিরাপদ আশ্রয় ও আশ্রয়প্রার্থীর মর্যাদা নিশ্চিত করার সুযোগ দেওয়া হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা।
দেশসংবাদ/আকি/এমএইচ
|
আপনার মতামত দিন
|