জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি আরো বলেন, আমরা মনে করি, জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুর্নবাসিত হবে—এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক এক ধরনের পর্যালোচনা। যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।
শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে কুমিল্লা ফান টাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নায়েবে আমির বলেন, আমরা বিএনপির বাইরে যতগুলো দল রয়েছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিকে ইনক্লোডিং করার প্রশ্নই আসে না।
তিনি বলেন, বিএনপি যে নিশ্চিত বিজয় বলছে, এটার জানার উপায় কী? এখনও তো ভোট হয়নি। কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে তাহলে বুঝা যায়, জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে, যে ম্যাকানিজম তাদেরকে জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। আমরা জানি না কি ম্যাকানিজমে বিএনপি নিশ্চিত বিজয় হবে বলছে। আমরা তা দাবি করি না, কারণ জনগণই যাকে ভোট দিয়ে বিজয় করাবে তারাই বিজয়ী হবে।