Published : Sunday, 26 October, 2025 at 11:04 AM, Update: 26.10.2025 11:15:07 AM
সংগৃহীত ছবি
মিয়ানমার থেকে ছোড়া গুলি কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যংয়ের সীমান্ত শূন্যরেখা থেকে নিকটবর্তী লম্বাবিল গ্রামের বাঘঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়াও স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
গুলিতে আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। আহতের স্বামী বলেন, ‘আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে।’
এ সময় চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে গুলিবিদ্ধ নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান জানিয়ে তিনি আরও বলেন, কক্সবাজারে এখন তার চিকিৎসা চলছে।
হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজের কম্পিউটার দোকানি মিজবা উদ্দিন বলেন, ‘বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি দোকানে এসে পড়ে। দোকান থেকে সেই গুলিটি উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’
উখিয়ার ৬৪-ব্যাটলিয়নের বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, ‘হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তিনি কুতুপালং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন বলে জেনেছি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘গুলি লাগার বিষয়টি সত্যি, সংশ্লিষ্ট বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। যেন জননিরাপত্তা কোনো কারণে ব্যাহত না হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে।’