গাজায় যুদ্ধবিরতির শর্ত হিসেবে কারাগার থেকে বন্দিদের মুক্তির অপেক্ষায় থাকা বেসামরিক ফিলিস্তিনিদের উপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরের ওফের কারাগারের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে একটি ইসরায়েলি সাঁজোয়া যান কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে। যেখানে শত শত বন্দি মুক্তির অপেক্ষায় ফিলিস্তিনি পরিবারগুলো জড়ো হয়েছেন।
এ সময় ইসরায়েলি পতাকাবাহী সামরিক গাড়িটি কারাগারের সামনে থেকে আগেই দাঁড়িয়ে থাকা নিরস্ত্র ফিলিস্তিনিদের দিকে লক্ষ্য করে গ্যাস ও রাবারের গুলি ছুঁড়ে এবং উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া বেসামরিক ফিলিস্তিনিদের ভিড়ের ওপর ইসরায়েলি সামরিক ড্রোন উড়ে যেতে দেখা গেছে।
ফিলিস্তিনি বন্দিদের প্রতি সমর্থন জানালে যে কেউ গ্রেফতার হতে পারে- এমন একটি ইসরায়েলি লিফলেট প্রচারের পরেই আক্রমণ চালায় দখলদার সেনাবাহিনী।
হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির শর্ত হিসেবে সোমবার ২৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রত্যাশায় পরিবারগুলো ওফের কারাগারের কাছে জড়ো হয়।