সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন উমরা পালনকারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৭ নভেম্বর) সৌদি আরবের মুফরিহাতের কাছে মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করা একটি বাসের ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন উদ্ধারকারী দল এবং স্থানীয় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে ইন্ডিয়া টিভি বলছে, হতাহতের সঠিক সংখ্যা এখনো নির্দিষ্ট নয়, যাচাই করা হচ্ছে। জেদ্দায় ভারতীয় কনস্যুলেট একটি ২৪x৭ হেল্পলাইন স্থাপন করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন। বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পূর্ণ সহায়তা প্রদান করা হবে।
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি হতাহতদের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে মৃতদেহ নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।