Published : Wednesday, 26 November, 2025 at 11:46 PM
আলী রীয়াজ
সামাজিক যোগাযোগমাধ্যমে অতন্দ্রানু রিপা নামের এক নারীর ভিডিও বক্তব্য ও অভিযোগ নিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
তিনি ওই নারীর অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে সরকার ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।
এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।