দেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
চলতি বছর হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ২৫৭ জনের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬২৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪৫, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
এদিকে একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।