Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
Published : Tuesday, 3 November, 2026 at 3:32 PM

গ্যাসের চুলা, ছবিঃ সংগৃহীত

গ্যাসের চুলা, ছবিঃ সংগৃহীত

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

প্রকৃত পরিস্থিতি তুলে ধরে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে।

এর ফলে বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে আগামী চার দিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।

পেট্রোবাংলার ভাষ্য, সরবরাহ কমে গেলেও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

দেশে দৈনিক গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ ও সংকট চলছে। বিশেষ করে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের একাংশ নিয়মিত গ্যাস সংকটে ভুগছেন। এর মধ্যে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ বা কার্যক্রম বন্ধ থাকলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও কমে যায়।

মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এ দুটি টার্মিনালের কোনো একটি বন্ধ থাকলে আমদানি করা গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়। সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এবারও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েক দিন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up