Published : Wednesday, 28 May, 2025 at 8:35 PM, Update: 28.05.2025 8:41:08 PM
দত্তপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ তিন মাহিন্দ্রযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন।
বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে দত্তপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।
আহতরা হলেন- সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০)। অপর একজনের নাম জানা যায়নি। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কের ওপর এসে যায়। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা বাবা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন সাতজন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।