Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Published : Monday, 29 September, 2025 at 12:40 AM

ম্যাচটি একাই জিতিয়েছেন তিলক ভর্মা

ম্যাচটি একাই জিতিয়েছেন তিলক ভর্মা

এশিয়া কাপের ফাইনালটা হলো রোমাঞ্চ আর উত্তাপ ছড়ানোই। ভারত-পাকিস্তানের আগের দুই ম্যাচ যতই পানসে আর একতরফা হোক, ফাইনাল হলো ফাইনালের মতই। ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাটে চড়ে ভালো শুরু পায় তারা। শুরু থেকেই মারমুখি ব্যাটিংয়ে এগিয়েছেন ফারহান। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত দলের বোর্ডে রান তোলেন তিনি। আরেক ওপেনার ফখর জামানও ছিলেন দারুণ সাবলীল।    

পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলে পাকিস্তান। পাওয়ারপ্লের পর আরও বেড়েছে রানের গতি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ছুঁয়েছেন ফারহান। তাকে সঙ্গ দিয়েছেন ফখরও। ফিফটি ছুঁয়ে ফেলেন ফারহান। ফিফটির পরেই থেমেছেন যদিও। দলের ৮৪ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলে বিদায় নেন ফারহান।    

ফারহানের বিদায়ের পর কিছুটা কমে যায় পাকিস্তানের রানের গতি। তিনে নেমে সাইম আইয়ুব খেলেন ১১ বলে ১৪ রানের ইনিংস। ফখর টিকে ছিলেন। ফিফটির কাছে গিয়েও ফিফটি মিসের আক্ষেপে পুড়েছেন। ৩৫ বলে ৪৬ রান করা ফখর জামান থামেন দলের ১২৬ রানের মাথাতে। এরপর যেন তাসের ঘরে পরিণত হয় পাকিস্তান। একের পর এক উইকেট হারিয়ে পড়ে যায় বেশ চাপে।     ফখরের বিদায়ের পর ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ১৪১ রানের মধ্যেই হাওয়া ৯ উইকেট। দারুণ শুরুর পর ছন্দপতন হয় পাকিস্তানের। ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। পুরো ব্যাটিং লাইনআপে কেবল শীর্ষ ৩ ব্যাটারই ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা।    

ভারতের হয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ যাদব। ২টি করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী।    

জবাব দিতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মত হয়েছে ভারতের। দলের সবচেয়ে বড় ভরসা অভিষেক শর্মাকে দলীয় ৭ রানের মাথাতে হারায় ভারত। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান অভিষেক। এরপর টিকে থাকা ওপেনার শুবমান গিলের সাথে যোগ দেন সূর্যকুমার যাদব। টুর্নামেন্টজুড়ে সুপার ফ্লপ সূর্যকুমার ফাইনালেও নিজেকে মেলে ধরতে পারেননি। ৫ বলে ১ রান করে বিদায় নেন তিনি।    

ওপেনার গিল ১০ বলে ১২ রান করে সাজঘরে ফিরেছেন। ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে টিম ইন্ডিয়া। ক্রিজে জুটি বাঁধেন তিলক ভার্মা এবং সাঞ্জু স্যামসন। দেখেশুনে দলের রান বাড়িয়েছেন দুজন।    

তিলক-স্যামসনের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে দিশা ফিরে পায় ভারতের ইনিংস। ২১ বলে ২৪ রান করা স্যামসন থেমেছেন দলের ৭৭ রানের মাথাতে। তিলক টিকে ছিলেন। চাপ সামলে দুর্দান্ত ব্যাটিংয়ে টেনেছেন দলের ইনিংস। শেষ দিকে তার সাথে যোগ দেন শিভাম দুবেও। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে ভারতের ইনিংস। ফিফটি ছুঁয়েছেন তিলক। দারুণভাবে সঙ্গ দিয়েছেন দুবে।    

শেষ ৩ ওভারে দরকার ছিল ৩০ রান। হারিস রউফের করা ১৮তম ওভার থেকে চলে আসে ১৩ রান। ২ ওভারে দরকার ১৭ রান। সেখান থেকে শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম দুই বলে তিলক ভার্মা নিয়ে ফেলেন ৮ রান। পরের বলে সিঙ্গেল, স্ট্রাইকে আসেন রিঙ্কু সিং। চার মেরে দলকে জেতান রিঙ্কু। ২ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে ভারত। শেষের আগের ওভারের শেষ বলে ২২ বলে ৩৩ রান করে বিদায় নেন শিভাম দুবে। ৫৩ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন তিলক। 

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। ১টি করে উইকেট তোলেন শাহীন শাহ আফ্রিদি এবং আবরার আহমেদ। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
Thursday, 23 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up