শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর আগুন লাগার এ ঘটনা ঘটে।
তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশের একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে।