ভারতে ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির তেলেঙ্গানা রাজ্যের বিকারাবাদে এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ভিকারাবাদ–হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এ দুর্ঘটনা ঘটে।
রাজ্য পুলিশ জানায়, বাসটি কমপক্ষে ৪০ জন যাত্রী নিয়ে মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল। একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে। এর ফলে হতাহতের শিকার হয় বহু মানুষ।
দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে রোববার (২ নভেম্বর) দেশটির রাজস্থানের ফলোদি জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার অন্তত ১৮ জনের নিহত হয়।