জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্তালিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সফরে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এ অংশ নেন।
সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।