Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে
Published : Thursday, 12 November, 2026 at 3:17 PM

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, বরং অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনের জন্য বরাদ্দ রাখাসহ বিশ্বনেতাদের সামনে পাঁচ দফা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভাষণে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। তবুও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।’

তিনি জানান, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ উদ্যোগ:

দেশের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার সহায়তায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানাসহ সবুজ শিল্পকে উৎসাহিত করা হচ্ছে। বৈদ্যুতিক যানবাহন ও পাটজাত পণ্যের প্রসারের পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কথাও জানান তিনি।

নদী ও বনায়ন নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে সরকার। পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে।

জলবায়ু অর্থায়নে ৫ দফা প্রস্তাব:

বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়।

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে তিনি পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন-

১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা এবং নির্গমন হ্রাসের প্রচেষ্টায় সহায়তা দেওয়া।

২. জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।

৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য 'বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম' গ্রহণ করা।

ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে নির্গমন কমানোর আহ্বান জানান। সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার ও আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপান্তরের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up