Published : Thursday, 12 November, 2026 at 6:11 PM
জ্বালানি তেলের দাম বাড়তি, ছবিঃ সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। অঞ্চলটির অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের শুরুতে এশিয়ার বাজারে তেলের দাম কমলেও পরবর্তী সময়ে তা ঊর্ধ্বমুখী হয়। আঞ্চলিকভাবে অপরিশোধিত তেলের উৎপাদন বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বাজারে দামের ওঠানামায় প্রভাব ফেলছে।
বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮০ সেন্ট হয়েছে।
এর আগে এশিয়ার বাজারে দিনের প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছিল। তবে পরবর্তী সময়ে বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে অভিহিত করেছেন স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও মধ্যপ্রাচ্যে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, যেখানে সরাসরি যুদ্ধ নেই, আবার শান্তিও প্রতিষ্ঠিত হয়নি। এই পরিস্থিতি অঞ্চলটিতে তেলের উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির ওপর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারের ভবিষ্যৎ গতিপথ অনেকাংশে নির্ভর করছে।