সংযুক্ত আরব আমিরাতে উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের সালাতে অংশ নিয়েছেন নারী ও শিশুরা।
মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করছেন এসব দেশের মুসলিমরা।
রোববার (৩০ মার্চ) সকালে ১১টি মুসলিম প্রধান দেশে ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত হয়। দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটিতে কয়েক হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লাখ লাখ মুসল্লি এসব জামাতে অংশ নেন। স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক ঈদের নামাজে অংশ নেন।
সংযুক্ত আরব আমিরাতে দেশজুড়ে শত শত মসজিদের পাশাপাশি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ মুসল্লি এসব জামাতে অংশ নেন। ঈদের ময়দানে নারী ও শিশুদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য ও জার্মানি প্রভৃতি দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সোমবার (৩১ মার্চ) ১৪টি মুসলিম প্রধান দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশেগুলো হচ্ছে- ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।
সোমবার শাওয়ালের চাঁদ দেখা না গেলে কিছু দেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।