ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশে রোববার (২৬ জুলাই) ভোরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান গোলাম রেজা নেজাদ খালেগি জানান, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতি নিরূপণে মূল্যায়ন দল ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের প্রাথমিক প্রতিবেদনে কোনো ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইরানের ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বার্দসির কাউন্টি, যা প্রাদেশিক রাজধানী কেরমান শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানে একই ধরনের কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত মে মাসে তেহরানের কাছে এবং মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেবারও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।