Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা
Published : Saturday, 12 September, 2026 at 2:07 PM

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

প্রবাসে থেকেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সংশ্লিষ্ট আসনের ভোটাররা। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এ উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী প্রবাসীদের ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু থাকবে। বিদেশে বসবাসরত এ আসনের ভোটাররা নতুন করে নিবন্ধনের মাধ্যমে এ সুবিধা নিতে পারবেন।

কারা পোস্টাল ভোট দিতে পারবেন

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধন অনুযায়ী চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এর মধ্যে রয়েছেন-

বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার;

নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী;

কারাগারে বা আইনগত হেফাজতে থাকা ভোটার;

নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী।

তবে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ প্রযোজ্য হবে ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট ভোটারদের জন্য।

গতবার ৩৩ দেশ থেকে ভোটার নিবন্ধিত

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছিলেন। এবার প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সর্বোচ্চ ৫০০ জনের জন্য প্রস্তুতি রাখা হয়েছে বলে ইসি জানিয়েছে।

গতবার দেশের ভেতরে থেকেও বিভিন্ন শ্রেণির ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছিলেন। সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি ও কারাবন্দিদের জন্য এবারও পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে।

পুরোনো নিবন্ধিতদেরও যোগাযোগ করবে ইসি

গত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে পোস্টাল ভোটের জন্য যারা প্রবাসী হিসেবে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ক্ষেত্রেও ইসি যোগাযোগ করবে। প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে উপনির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে তাদের সম্মতি নেওয়া হবে। এরপর নির্ধারিত বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানোর ব্যবস্থা করা হবে।

অন্যদিকে, যারা আগে নিবন্ধিত ছিলেন না, তারাও নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাবেন।

অ্যাপে নিবন্ধনে ঠিকানা দিতে হবে সতর্কভাবে

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ‘Postal Vote BD’ অ্যাপে প্রবাসী ভোটারকে বিদেশে বর্তমানে যে ঠিকানায় অবস্থান করছেন, সেটিই দিতে হবে। বাংলাদেশের কোনো ঠিকানা ব্যবহার করা যাবে না। ঠিকানার তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে এবং রাস্তা, ভবন, ব্লক, শহর, স্টেট বা প্রভিন্সসহ প্রয়োজনীয় অংশ সঠিকভাবে উল্লেখ করতে হবে। পোস্টাল বা জিপ কোডও নির্ভুলভাবে দিতে হবে।

২৯ অক্টোবর ভোট, ভোটার ৫ লাখ ১৫ হাজারের বেশি

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটিতে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটের জন্য ১৮৫টি কেন্দ্র ও ৯৮৯টি ভোটকক্ষ রাখা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়ন নিয়ে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

উল্লেখ্য, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটের এই ব্যবস্থা চালু হওয়ায় নির্বাচনের দিন দেশে ফিরতে না পারলেও ঠাকুরগাঁও-১ আসনের যোগ্য ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহন শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up