Published : Saturday, 19 September, 2026 at 11:55 AM
রিয়াদে শোনা গেল বিস্ফোরণের শব্দ, ছবিঃ সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরানপন্থি হুতিদের হামলার হুমকির মধ্যে থাকা সৌদি আরবে এই সতর্কতা জারি করা হয়।
এএফপির সাংবাদিকরা জানান, স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের বিমান হামলার হুমকির মধ্যে রয়েছে।’ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় আধা ঘণ্টা পর সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে নেয়।
ইয়েমেনে চলমান সংঘাত জুলাইয়ে তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী রিয়াদ সরাসরি এ ধরনের হুমকির মুখে পড়ল।
ইয়েমেনের জনবহুল এলাকার বড় অংশ আগে থেকেই নিয়ন্ত্রণে রাখা হুতিরা চলতি মাসে দেশটির পুরো লোহিত সাগর উপকূল দখলের লক্ষ্যে দ্রুত অভিযান শুরু করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের ঘনিষ্ঠ বলে পরিচিত গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করছিল।
সামুদ্রিক পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি কমেছে। তবে গত এক সপ্তাহে তেলবোঝাই পাঁচটি জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করেছে।
হুতিদের দাবি, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত ও নিরাপদ।
এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় মানবিক পরিস্থিতিও আরও খারাপ হয়েছে। জাতিসংঘ শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনের ভেতরে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে।
দীর্ঘদিনের সংঘাত ও মানবিক সংকটে থাকা ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ নতুন করে সহিংসতা বাড়ায় আরও তীব্র হয়েছে।