Published : Saturday, 19 September, 2026 at 1:56 PM
খুলনায় যুবককে পিটিয়ে হত্যা, ছবিঃ সংগৃহীত
খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
নিহত আজমল ওরফে আযম চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজহান আলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিস্কার কোনো ধারণা দিতে পারছেন না। তবে মৃত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।