| শিরোনাম: |
|
রাজধানীর পৃথক স্থানে চারটি বাসে আগুন, ছবি: সংগৃহীত
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় পল্লবী থানাধীন ডেলটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। সে সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান এ বিষয়ে জানান, একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ সম্পর্কে জানার চেষ্টা চলছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় দারুস সালাম থানাধীন আনসার ক্যাম্পের সামনে অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। বিষয়টি টের পেয়ে যাত্রীরা দ্রুতই বাস থেকে নেমে পড়েন। স্থানীয়রা পরে নিজের উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
পরে রাত ৮টায় মধ্য বাড্ডার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন বাসটি থেকে যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় ওই সড়কে যানজট তৈরি হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন।
একই সময় দারুস সালাম এলাকায় বুদ্ধিজীবী কবরস্থানের সামনে কে বা কারা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার ঢাকার চিটাগং রোড ও কাফরুল থানার সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। শুক্রবারের পর শনিবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই সময়ে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|