Published : Thursday, 24 September, 2026 at 11:26 AM
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব, ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘রোডম্যাপ’ উপস্থাপন করেছে ইরান। এতে পুরো অঞ্চলে সর্বোচ্চ ৬০ দিনের যুদ্ধবিরতি, ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ অবসানে বৃহত্তর আলোচনার সময়সূচির প্রস্তাব রয়েছে বলে আঞ্চলিক কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। প্রস্তাবটিতে আরব প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের বিষয়টিও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
ইরানের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের পথ এখনো ‘সম্ভব’। তবে যেকোনো চুক্তিতে ইরানের দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার দাবিও রয়েছে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন কূটনীতির জন্য এখনো ‘উন্মুক্ত’। তবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিকল্পও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট হামলার কারণে আরব উপদ্বীপের আশপাশে জাহাজ চলাচল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখা ও উত্তেজনা কমাতে কাতার পাকিস্তানসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে।
তবে এখনো যুদ্ধ অবসানে কোনো চুক্তি ঘোষণা করা হয়নি। দুই পক্ষের আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্ভাব্য চুক্তির বিষয়ে অগ্রগতির কথাও বলেছেন।
তবে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো অথবা দেশটির বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রকে একটি পথ বেছে নিতে হবে।