Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা
Published : Friday, 2 October, 2026 at 10:12 AM

মসজিদ আন-নববী, ছবিঃ সংগৃহীত

মসজিদ আন-নববী, ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হুতিরা এ অভিযোগ অস্বীকার করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীসহ (মসজিদ আন-নববী) আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে জোটটি।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পর পরিচালিত তদন্ত এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের দাবি, হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন, দুই ক্ষেত্রেই হুতিরা জড়িত ছিল।

তবে হুতি পরিচালিত সাবা নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে সংগঠনটির সামরিক বাহিনীর একটি সূত্র অভিযোগটি প্রত্যাখ্যান করেছে। তারা সৌদি জোটের দাবিকে ‘মিথ্যা’ বলে অভিহিত করে অভিযোগ করেছে, সৌদি আরব এর আগে মক্কাকে লক্ষ্য করে হামলার যে অভিযোগ তুলেছিল, তার পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি আড়াল করতেই নতুন এ দাবি করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা মুসলমানদের দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী, লক্ষ্য করে হুথিদের চালানো ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তাদের ভাষ্য, এ ধরনের হামলার মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পবিত্র স্থান ও হাজি-ওমরাহ পালনকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সৌদি জোট।

এদিকে বৃহস্পতিবার ইয়েমেনের তাইজ গভর্নরেটে হুথিদের বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। তাদের দাবি, হামলায় হুথি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই দিনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের আকাশে হুথিদের উৎক্ষেপণ করা চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া খামিস মুশাইত ও দক্ষিণাঞ্চলের জাজান শহরের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে জোটটি।

সূত্র: আল জাজিরা

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 2 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up