প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, ছবিঃ সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন রাখা হবে।’
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একই ভাবে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে কাজ করবে। নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে।’
তপশিল অনুযায়ী, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।