সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪৪ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৫৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৫৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জন।
গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৯৯ জন।