হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হামলার আগে সেখানে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে কারা এই হামলা চালিয়েছে, কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে সরকারি সূত্রগুলোও হামলার খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলাটি সামরিক ধরনের ছিল। তবে এর বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ হতে পারে।
এদিকে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সংঘাতের প্রসঙ্গে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। তবে সিরিকে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ভৌগোলিকভাবে সিরিক ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় হরমুজ প্রণালির আশপাশের যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক তেলবাজারে প্রভাব ফেলে।