Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কপ-৩১: নজিরবিহীন নিরাপত্তা বলয়ে আনতালিয়া
* জল, স্থল ও আকাশপথে ৫৮ হাজার নিরাপত্তাকর্মী * রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের নিরাপত্তায় আন্তর্জাতিক ও জাতিসংঘের ৫০০ কর্মী * পরিবেশবান্ধব টহলে নজর কেড়েছে ঘোড়সওয়ার পুলিশ * নির্বিঘ্ন যাতায়াতে দিনরাত ২৪ ঘণ্টায় ফ্রি শাটল বাস ও ট্রাম
Published : Thursday, 12 November, 2026 at 2:13 PM, Update: 18.11.2026 2:28:32 PM

৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১), ছবি: আবদুল্লাহ আল মামুন

৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১), ছবি: আবদুল্লাহ আল মামুন

তুরস্কের পর্যটন নগরী আনতালিয়ায় চলমান ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) ঘিরে নজিরবিহীন ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দেশটির সরকার। ন্যাটো শীর্ষ সম্মেলনের আদলে সাজানো এই নিরাপত্তা ব্যবস্থায় জল, স্থল ও আকাশপথে তুরস্কের বিভিন্ন বাহিনীর মোট ৫৮ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে কেবল আয়োজক শহর আনতালিয়া ও সম্মেলন কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় সরাসরি মাঠে রয়েছেন ২৭ হাজার ৯৫৭ জন নিরাপত্তাকর্মী। এছাড়া সম্মেলনের ‘ব্লু জোন’ বা মূল কূটনৈতিক এলাকার নিরাপত্তা সামল দিচ্ছে জাতিসংঘের নিজস্ব নিরাপত্তা বিভাগ (ইউএনডিএসএস) এবং প্রায় ৮০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বিশেষায়িত দেহরক্ষী দল।

এদিকে, পরিবেশবান্ধব এই বিশ্বমঞ্চে যাতায়াত নির্বিঘ্ন করতে দিনরাত ২৪ ঘণ্টার ফ্রি শাটল বাস, ট্রাম এবং তরুণদের জন্য বিশেষ স্মার্ট পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট নিরাপত্তা তথ্যে জানা যায়, আনতালিয়ার আকসু এলাকার ‘আনতালিয়া এক্সপো সেন্টারে’ প্রায় ২৭৪ দশমিক ২ একর (১১ লাখ ৯ হাজার ৬৫৮ বর্গমিটার) বিশাল জায়গাজুড়ে বসেছে বিশ্ব জলবায়ু নেতাদের এই মহামিলনমেলা। পুরো ভেন্যুটিকে দুটি প্রধান অংশে ভাগ করা হয়েছে।

এর মধ্যে ১৩০ দশমিক ৩ একর জায়গাজুড়ে রয়েছে ‘ব্লু জোন’, যা সরাসরি জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন। আর বাকি ১৪৩ দশমিক ৯ একর জায়গাজুড়ে থাকা ‘গ্রিন জোন’ তুরস্ক সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেখানে সাধারণ দর্শনার্থী, প্রদর্শনী ও সুশীল সমাজের বিভিন্ন ইভেন্ট চলছে। সম্মেলনের জন্য চালু করা হয়েছে কপ৩১ নামে একটি ট্রাম স্টেশনও।

এখানে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ বৈঠক, মূল কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক মিডিয়া সেন্টার অবস্থিত। এখানে ইউএন অ্যাক্রেডিটেশন ও পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এছাড়াও রয়েছে ভিভিআইপি রেড জোন ও বেলেক হাই-সিকিউরিটি জোন। ১১ ও ১২ নভেম্বরের শীর্ষ নেতাদের সম্মেলন (লিডার্স সামিট) উপলক্ষে ৯০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশগ্রহণ ঘিরে বিশেষ ‘রেড জোন’ তৈরি করা হয়। এ ছাড়া ভিআইপিদের আবাসস্থল ‘বেলেক’ (Belek) এলাকাকে ‘হাই-সিকিউরিটি জোন’ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সারা বিশ্ব থেকে আসা গণমাধ্যম কর্মীদের জন্য রয়েছে মিডিয়া সেন্টার ও জরুরি জোন। সাংবাদিকদের নির্ধারিত প্রবেশাধিকারের জন্য আলাদা মিডিয়া জোন এবং ২৪ ঘণ্টা জরুরি সেবার জন্য বিশেষ ইমার্জেন্সি জোন স্থাপন করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো দেশকে ভৌগোলিকভাবে তিনটি স্তরে বা বলয়ে ভাগ করা হয়েছে। প্রথম বলয়ে রয়েছে মূল আয়োজক শহর আনতালিয়া এবং এর পার্শ্ববর্তী মুগলা, বুরদুর, ইস্পার্তা, কোনিয়া, কারামান ও মেরসিন প্রদেশ। আনতালিয়া বিমানবন্দর থেকে হোটেল জোন এবং এক্সপো সেন্টার পর্যন্ত ৩৭ কিলোমিটার দীর্ঘ বিশেষ ভিআইপি রুট সার্বক্ষণিক কড়া নজরদারিতে রাখা হয়েছে। দ্বিতীয় বলয়ে রাখা হয়েছে এই প্রদেশগুলোকে ঘিরে থাকা মধ্যবর্তী অঞ্চলগুলোকে, যেখানে বসানো হয়েছে অসংখ্য তল্লাশি চৌকি। আর তৃতীয় বলয় হিসেবে তুরস্কের সব আন্তর্জাতিক সীমান্ত ও বন্দরনগরীগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, ৫৮ হাজার নিরাপত্তাকর্মীর মধ্যে কেবল আনতালিয়া শহর ও এক্সপো সেন্টারের অভ্যন্তরীণ নিরাপত্তায় সরাসরি কাজ করছেন ২৬ থেকে ২৮ হাজার সদস্য। এতে তুরস্কের ছয়টি প্রধান বাহিনী ও সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। এর মধ্যে তুর্কি জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটি (পুলিশ বাহিনী) শহর, হোটেল জোন, ট্রাফিক ও সাইবার নিরাপত্তা দেখভাল করছে। গ্রামীণ ও শহরতলি এলাকা এবং মহাসড়কের নিরাপত্তায় রয়েছে জেন্ডারমেরি জেনারেল কমান্ড। ভূমধ্যসাগর উপকূলবর্তী আনতালিয়ার সমুদ্রসীমায় টহল জাহাজ, দ্রুতগতির বোট ও হেলিকপ্টার নিয়ে পাহারা দিচ্ছে তুর্কি কোস্ট গার্ড।

এ ছাড়া যেকোনো রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পারমাণবিক (সিবিআরএন) হুমকি মোকাবিলা ও জরুরি উদ্ধারকাজের জন্য দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) এক হাজার বিশেষায়িত কর্মী মোতায়েন রয়েছেন। এর মধ্যে ৬০০ জন সরাসরি ভেন্যু ও বিমানবন্দরে কাজ করছেন। আকাশসীমা সুরক্ষা, ড্রোন-বিরোধী (অ্যান্টি-ড্রোন) প্রযুক্তি পরিচালনা এবং অগ্রিম গোয়েন্দা নজরদারিতে রয়েছে তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)। জরুরি চিকিৎসা সেবার জন্য ১৩২টি অ্যাম্বুলেন্স (এয়ার অ্যাম্বুলেন্সসহ) এবং ২৪ ঘণ্টার ফায়ার সার্ভিস ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

আনতালিয়ার গভর্নর হুলুসি শাহিন ঘোষিত তথ্যে জানা যায়, মোট ২৭ হাজার ৯৫৭ জন নিরাপত্তাকর্মী নিরাপত্তা বহরে রয়েছে। যার মধ্যে বিশেষ অভিযান ইউনিটে (Special Operations) ১ হাজার ৬৯৯ জন, দাঙ্গা পুলিশে (Riot Police) ২ হাজার ৯৪ জন এবং এয়ারপোর্ট পুলিশ দেড় হাজার সদস্য। নিরাপত্তায় ৫টি আকাশযান, ৭টি সামুদ্রিক নিরাপত্তা যান, ২৬টি সাঁজোয়া যান এবং ১২টি টোমা (TOMA) জলকামানবাহী যান নিয়োজিত রয়েছে।ৎনজিরবিহীন এই নিরাপত্তার কারণে আনতালিয়া বিমানবন্দর থেকে শুরু করে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কয়েক স্তরের তল্লাশি পার হতে হচ্ছে সম্মেলনে আসা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের।

তুর্কি পুলিশ বাহিনীর ২৬ থেকে ২৮ হাজার সদস্য

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে আরো জানা যায়, শহর ও মূল ভেন্যুতে সরাসরি নিরাপত্তার দায়িত্ব রয়েছে তুর্কি পুলিশ বাহিনীর ২৬ থেকে ২৮ হাজার সদস্য। এর মধ্যে আনতালিয়া শহর, বিমানবন্দর, হোটেল জোন, ভিআইপি কনভয় ও ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে প্রায় ১৮ থেকে থেকে ২০ হাজার পুলিশ সদস্য (বিশেষায়িত সোয়াট বা পিওএইচ, অশ্বারোহী ও সাইবার ইউনিটসহ)। এছাড়া প্রায় ৭ থেকে ৮ হাজার জেন্ডারমেরি সদস্য এক্সপো সেন্টারের বাইরের পরিধি, আকসু এলাকা, মহাসড়ক এবং আনতালিয়ার গ্রামীণ ও শহরতলি অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনায় আবাদের ১ হাজার কর্মী

আনতালিয়ায় মোট ১ হাজার জন বিশেষায়িত জরুরি ও কারিগরি বাহিনী তথা দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) কর্মী কাজ করছেন। এর মধ্যে ৬০০ জন সরাসরি এক্সপো সেন্টারের ব্লু ও গ্রিন জোন এবং আনতালিয়া বিমানবন্দরে মোতায়েন রয়েছেন (সিবিআরএন বা রাসায়নিক-জৈবিক হুমকি মোকাবিলা ও উদ্ধারকাজের জন্য)। বাকি ৪০০ জন ব্যাকআপ ও আঞ্চলিক সমন্বয়ে যুক্ত।

তুর্কি কোস্ট গার্ড কমান্ড: ভূমধ্যসাগর উপকূলে টহল জাহাজ, দ্রুতগতির ইন্টারসেপ্টর বোট ও হেলিকপ্টার পরিচালনার জন্য কোস্ট গার্ডের প্রায় ১ থেকে দেড় হাজার নৌ-নিরাপত্তা সদস্য নিয়োজিত রয়েছেন।

স্বাস্থ্য ও ফায়ার সার্ভিস ইউনিট: জরুরি চিকিৎসা ও অগ্নিনির্বাপণের জন্য প্রায় ১,২০০ থেকে ১,৫০০ চিকিৎসক, প্যারামেডিকস ও ফায়ারফাইটার কাজ করছেন (যাদের অধীনে ১৩২টি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে)।

আঞ্চলিক বলয় ও সীমান্ত নিরাপত্তায় ২৭–২৯ হাজার সদস্য

কপ৩১ সম্মেলনের নিরাপত্তা নিয়োজিত মোট ৫৮ হাজার সদস্যের অবশিষ্ট অংশটি তুরস্কের তিনটি নিরাপত্তা বলয়ের দ্বিতীয় ও তৃতীয় স্তরে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পার্শ্ববর্তী প্রদেশ ও মহাসড়কের নিরাপত্তা তথা আনতালিয়ার সীমান্তবর্তী ছয়টি প্রদেশ (মুগলা, বুরদুর, ইস্পার্তা, কোনিয়া, কারামান ও মেরসিন) এবং অভ্যন্তরীণ চেকপোস্টগুলোতে পুলিশ ও জেন্ডারমেরির প্রায় ২০ হাজার সদস্য মোতায়েন রাখা হয়েছে।

তুর্কি সশস্ত্র বাহিনী (TSK) ও গোয়েন্দা সংস্থা (MİT)

আকাশসীমা প্রতিরক্ষা, অ্যান্টি-ড্রোন সিস্টেম পরিচালনা, রাডার নজরদারি এবং আন্তর্জাতিক সীমান্ত ও বন্দরনগরীগুলোর (তৃতীয় বলয়) নিরাপত্তায় সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রায় ৭ থেকে ৯ হাজার সদস্য সমন্বিতভাবে কাজ করছেন।

আন্তর্জাতিক ও জাতিসংঘের ৫০০ নিরাপত্তা কর্মী: আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী, শহরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার একক দায়িত্ব তুরস্কের নিজস্ব বাহিনীর হাতে থাকলেও ব্লু জোনের ভেতরে প্রবেশাধিকার ও স্ক্রিনিং নিয়ন্ত্রণ করছে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা। পাশাপাশি সম্মেলনে যোগ দেওয়া বিশ্বের ১৯০টিরও বেশি দেশের প্রতিনিধিদের মধ্যে প্রায় ৮০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে আসা নিজ নিজ দেশের বিশেষায়িত প্রেসিডেন্ট গার্ড ও ক্লোজ প্রোটেকশন টিম তুরস্ক সরকারের বিশেষ অনুমোদন সাপেক্ষে ভিআইপিদের ঘনিষ্ঠ সুরক্ষায় নিয়োজিত রয়েছেন।

এরমধ্যে ভেন্যুর ‘ব্লু জোনের’ ভেতরে জাতিসংঘের নিজস্ব প্রায় ৪০০ থেকে ৫০০ আন্তর্জাতিক নিরাপত্তা কর্মকর্তা এবং প্রায় ৮০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে আসা তাদের নিজস্ব দেশের বিশেষায়িত প্রেসিডেন্ট গার্ড ও ক্লোজ প্রোটেকশন টিমের প্রায় ১ হাজার থেকে ১২শ' সদস্য নিজ নিজ নেতাদের ঘনিষ্ঠ সুরক্ষায় নিয়োজিত রয়েছেন।

পরিবেশবান্ধব টহলে ঘোড়সওয়ার পুলিশ ও জেন্ডারমেরি

চলমান ৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক ড্রোন, সাঁজোয়া যান ও প্রযুক্তির পাশাপাশি মাঠে নেমেছে তুরস্কের ঐতিহ্যবাহী অশ্বারোহী বাহিনী। পরিবেশ রক্ষা ও কার্বন নিঃসরণ কমানোর বিশ্বমঞ্চে জ্বালানিবিহীন ও পরিবেশবান্ধব টহলের অংশ হিসেবে তুর্কি পুলিশ এবং জেন্ডারমেরির দুটি বিশেষায়িত অশ্বারোহী ইউনিটের সরব উপস্থিতি দেশি-বিদেশি প্রতিনিধি ও পর্যটকদের বিশেষ নজর কাড়ছে।

সরেজমিন দেখা গেছে, সম্মেলন কেন্দ্র ‘আনতালিয়া এক্সপো সেন্টারের’ বাইরের উন্মুক্ত চত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ পর্যটন ও উপকূলীয় এলাকাগুলোতে সুসজ্জিত ঘোড়ায় চড়ে নিয়মিত টহল দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মূলত দুটি বাহিনীর অশ্বারোহী দল এখানে দায়িত্ব পালন করছে। এর মধ্যে একটি হলো তুর্কি জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটির অধীন ‘তুর্কি পুলিশের অশ্বারোহী ইউনিট’ (আতলি পুলিশ বিরলিকলেরি) এবং অপরটি হলো ‘জেন্ডারমেরি অশ্বারোহী ইউনিট’ (আতলি জেন্ডারমা তিমলেরি)।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তুর্কি পুলিশের অশ্বারোহী ইউনিটের সদস্যরা আনতালিয়ার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কালেইচি (ওল্ড টাউন), কোনিয়ালটি ও লারা সমুদ্রসৈকত সংলগ্ন হাঁটার পথ, পার্ক এবং এক্সপো সেন্টারের বাইরের চত্বরগুলোতে দায়িত্ব পালন করছেন। জনসমাগমস্থলে ঘোড়ার পিঠে উঁচু অবস্থানে থেকে চারপাশে সার্বক্ষণিক নজরদারি চালানো এবং যেসব সংকীর্ণ গলি বা পার্কে টহল গাড়ি প্রবেশ করতে পারে না, সেখানে দ্রুত পৌঁছে শৃঙ্খলা রক্ষায় এই ইউনিট কার্যকর ভূমিকা রাখছে।

অন্যদিকে, এক্সপো সেন্টারের পার্শ্ববর্তী আকসু এলাকার গ্রামীণ ও শহরতলি অঞ্চল, বনাঞ্চল এবং উপকূলীয় সংরক্ষিত এলাকাগুলোতে টহল দিচ্ছে জেন্ডারমেরি জেনারেল কমান্ডের অশ্বারোহী টিম। দুর্গম ও কাঁচা রাস্তায় নিবিড় নজরদারি চালানো এবং প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি না করে নিরাপত্তা নিশ্চিত করতেই জেন্ডারমেরির এই বিশেষ দল মোতায়েন করা হয়েছে।

জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা জানান, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর যে অঙ্গীকার নিয়ে কপ-৩১ অনুষ্ঠিত হচ্ছে, যান্ত্রিক গাড়ির বদলে তুরস্কের এই অশ্বারোহী বাহিনীর টহল সেই পরিবেশবান্ধব বার্তাকেই আরও জোরালোভাবে তুলে ধরছে। দায়িত্ব পালনের পাশাপাশি সুশৃঙ্খল ও সুসজ্জিত এই ঘোড়সওয়ার নিরাপত্তাকর্মীদের সঙ্গে ছবি তুলতেও ভিড় করছেন অনেক বিদেশি অতিথি ও পর্যটক।

যাতায়াতে দিনরাত ২৪ ঘণ্টা ফ্রি শাটল বাস ও ট্রাম

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বহুমুখী ও পরিবেশবান্ধব পরিবহন নেটওয়ার্ক তথা দিনরাত ২৪ ঘণ্টার বিনামূল্যে শাটল বাস, সরাসরি ট্রাম সংযোগ এবং তরুণ ও শিক্ষার্থীদের জন্য বিশেষ স্মার্ট যাতায়াত ব্যবস্থা চালু করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সম্মেলন চলাকালীন শহরের সড়কগুলোতে যানজট এড়াতে এবং কার্বন নিঃসরণ কমাতে গণপরিবহন ও বৈদ্যুতিক যানবাহনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আনতালিয়া সিটি সেন্টার (কালেইচি), লারা, কুন্দু এবং বেলেক এলাকার হোটেল জোনগুলো থেকে সম্মেলন কেন্দ্রে যাতায়াতের জন্য ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টা ফ্রি অফিশিয়াল শাটল বাস সার্ভিস চালু রেখেছে তুরস্ক সরকার। কেবল কপ-৩১ অ্যাক্রেডিটেশন ব্যাজ বা ইউএনএফসিসিসি-এর অনুমোদনপত্র দেখিয়ে প্রতিনিধিরা এই বাসগুলোতে যাতায়াত করতে পারছেন। বিমানবন্দর থেকে ভেন্যুতে পৌঁছাতে ১৫ থেকে ২০ মিনিট এবং সিটি সেন্টার থেকে ২৫ থেকে ৩৫ মিনিট সময় লাগছে।

সরেজমিনে দেখা গেছে, গণপরিবহনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে আনতালিয়ার নিজস্ব ট্রাম লাইন ‘অ্যান্ট্রে’ (AntRay)। শহরের প্রাণকেন্দ্র ফাতিহ, বাস টার্মিনাল (ওটোগার), মুরাতপাশা ও বিমানবন্দর হয়ে ‘টি-ওয়ান-এ’ (T1A) লাইনের ট্রাম সরাসরি এক্সপো সেন্টারের মূল ফটকের সামনে অবস্থিত ‘এক্সপো স্টেশনে’ এসে থামছে। ফলে কোনো ধরনের যানজট ছাড়াই দ্রুততম সময়ে ভেন্যুতে পৌঁছাতে পারছেন প্রতিনিধি ও দর্শনার্থীরা। পাশাপাশি আনতালিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির নিয়মিত সিটি বাসগুলোও বিশেষ রুটে চলাচল করছে এবং মূল সড়কগুলোতে ভিআইপি কনভয় ও গণপরিবহনের জন্য আলাদা লেন (ডেডিকেটেড লেন) নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ জলবায়ুকর্মী এবং সাধারণ দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে নেওয়া হয়েছে বিশেষ স্মার্ট ও যুব-বান্ধব উদ্যোগ। তরুণদের প্রযুক্তিনির্ভর চলাচলের সুবিধার্থে চালু করা হয়েছে সমন্বিত ডিজিটাল ট্রান্সপোর্ট পোর্টাল ও মোবাইল অ্যাপ (transport.cop31.tr)। এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক রুট প্ল্যানিং, নিকটস্থ বাস বা ট্রাম স্টপেজ খোঁজা এবং ট্রাফিক আপডেট জানা যাচ্ছে। এ ছাড়া সম্মেলনের ‘গ্রিন জোনে’ আসা তরুণদের জন্য ট্রাম ও পাবলিক বাসের সমন্বিত রুট গাইডলাইন দেওয়ার পাশাপাশি ট্রাম স্টেশন ও ভেন্যুর আশপাশে পরিবেশবান্ধব ই-স্কুটার ও সাইকেল শেয়ারিং সুবিধা উৎসাহিত করতে দেখা গেছে। তবে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের কারণে ১১ ও ১২ নভেম্বর দুদিন গ্রিন জোনে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও ১৩ নভেম্বর থেকে তা আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

অন্যদিকে, ব্যক্তিগতভাবে যাতায়াতের জন্য মিটারযুক্ত হলুদ ট্যাক্সি এবং তুরস্কের জনপ্রিয় রাইড-শেয়ারিং অ্যাপ ‘বি-ট্যাক্সি’ (BiTaksi) চালু থাকলেও কঠোর নিরাপত্তার কারণে সাধারণ ট্যাক্সি বা ভাড়া করা গাড়ি মূল ফটক পর্যন্ত পৌঁছার আগে যাত্রী নামিয়ে দিতে দেখা যায়।


আপনার মতামত দিন
কপ-৩১: নজিরবিহীন নিরাপত্তা বলয়ে আনতালিয়া
আবদুল্লাহ আল মামুন, আনতালিয়া (তুরস্ক) থেকে
Thursday, 12 November, 2026
সাগরে সুস্পষ্ট হয়েছে লঘুচাপ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up