Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
Published : Monday, 16 November, 2026 at 5:39 PM

সৌদি আরব, ছবিঃ সংগৃহীত

সৌদি আরব, ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার সঙ্গে দেশটির পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

২০১১-১২ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে। তখন তার বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাওয়াদ ও ফাদেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, গুলি ও বিস্ফোরক রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন এবং রাজকীয় ডিক্রির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে জাওয়াদের পরিবারের দাবি, নির্যাতনের মাধ্যমে তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোও তার মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে।

মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেছেন, জাওয়াদসহ সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চার তরুণও শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তাদের নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

বাসিউনির অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হচ্ছে। তিনি সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের এ ধরনের মৃত্যুদণ্ড বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে কথিত অপরাধের সময় শিশু থাকা পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের সবাই শিয়া সম্প্রদায়ের এবং ২০১১-১২ সালের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন।

সৌদি আরবের পূর্বাঞ্চল শিয়া-অধ্যুষিত এলাকা। দেশটির বড় তেলক্ষেত্রগুলোর অবস্থানও এই অঞ্চলে। দীর্ঘদিন ধরে এখানে সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনা ঘটেছে।

সূত্র: মিডল ইস্ট আই

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up