Published : Thursday, 19 November, 2026 at 3:26 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ছবিঃ সংগৃহীত
চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকের শুরুতে তিন নেতা নিজ নিজ দেশের পতাকার সামনে একসঙ্গে ছবি তোলেন। তবে ছবি তোলার আগে তাদের মধ্যে দৃশ্যমান কোনো করমর্দন হয়নি। এরপর তারা আলোচনায় বসেন।
বৈঠকের সূচনা বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এ সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিশ্বের বড় শক্তিগুলো পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয়ের মধ্যে থাকলে বিশ্বে শান্তি বজায় থাকে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনটি দেশ পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে বিশেষ অবস্থানে রয়েছে। অতীতে অনেক নেতা মতবিরোধ থাকা নেতাদের সঙ্গে আলোচনা এড়িয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পুরো বিশ্বকে প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে আমাদের বড় দায়িত্ব রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বে যেসব সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো নিয়েই কথা বলব। দেখা যাক, আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি কি না।’
এদিকে বৈঠকের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধকে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। গত ২৪ ঘণ্টায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের প্রসঙ্গেও এ মন্তব্য করেন পুতিন।
ট্রাম্প আরও জানান, চলমান ত্রিপক্ষীয় বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন।
এদিকে তিন নেতার বৈঠক শুরুর সময় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার দুটি সামরিক টিইউ-৯৫ বিমান দ্বীপটির কাছাকাছি আকাশসীমায় প্রবেশ করেছিল। দক্ষিণ দিক থেকে এগিয়ে আসা বিমান দুটি তাইওয়ানের পূর্ব দিকে যায় এবং পরে উত্তর-পূর্ব দিক দিয়ে বেরিয়ে যায়। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এ ধরনের রুশ সামরিক বিমানের উপস্থিতির কথা জানিয়েছে তাইওয়ান।
শেনঝেনে অনুষ্ঠিত এ ত্রিপক্ষীয় বৈঠককে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পারমাণবিক অস্ত্র, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় তিন দেশের অবস্থান ও সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে।