বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
আমরা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ত ও ঘাম ফেলে নানা নির্যাতনের মধ্য দিয়ে এসেছে। সুতরাং এই স্বাধীনতাকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, গত ১৬ বছর বিএনপির প্রতিটি নেতাকর্মী অনেক কষ্ট সহ্য করেছেন। একজনের নামের শত শত মামলা হয়েছে। কেউ চাকরি করতে পারেনি, ঘরে থাকতে পারেনি, ব্যবসা করতে পারেনি, এমনকি পরিবার নিয়ে শান্তিতে থাকতেও পারেনি। অতঃপর
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাস করে আমরা সবাই একত্রিত হয়েছি। এতে প্রমাণিত হয় যখন বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয় তখন জনসমুদ্রে পরিণত হয়।
রুমিন ফারহানা বলেন, ১৫ বছর ধরে আমরা ভোট দিতে পারি না। দেশের সাধারণ জনগণসহ বিএনপির নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন কবে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবেন। সুতরাং এখন নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ নেই। বিএনপির লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ অবস্থায় চলে গেছে, নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। যদি বাংলাদেশ ও দেশের মানুষ ভালো থাকে তাহলে বিএনপিও ভালো থাকবে। বিএনপি হলো সেই দল যে দল দেশের ক্রান্তিলগ্নে জনগণ ও দেশের পাশে দাঁড়িয়েছে।