জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রভাব দেশের ক্রীড়াঙ্গনেও পড়েছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গণঅভ্যুত্থানের কারণে কিছু সময় ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছিল।
রোববার (১১ মে) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি জানান, বর্তমানে ক্রীড়াঙ্গনকে পুনরায় সক্রিয় করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রম চলছে। দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ভেঙে দেওয়া ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে।
আসিফ মাহমুদ সজীব বলেন, আমরা এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলো পুনরায় কার্যক্রম শুরু করেছে। ক্রীড়াক্ষেত্র আবারও পুনরুজ্জীবিত হচ্ছে।
তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস সংস্থার ৮৭টি দলের মোট ১০৮১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১টি ওজন শ্রেণিতে পুরুষ খেলোয়াড় ৫১৭ জন, মহিলা ২২৩ জন, ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং রেফারি ও জাজ ছিলেন ৮০ জন।