সাতচল্লিশের ঔপনিবেশিকবিরোধী আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে রংপুর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পদযাত্রা শেষে রংপুর নগরীর জিলা স্কুল মোড়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন তাই রংপুর থেকে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রা শুরু করেছে। বিদ্রোহের নগরীতে ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান তুলেছি। পদযাত্রার মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা শুনে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে।
নাহিদ ইসলাম বলেন, রংপুরের ইতিহাস বিদ্রোহের ইতিহাস। কৃষক নেতা নূরলদীন থেকে শুরু করে কৃষক সন্তান আবু সাঈদের বিদ্রোহ আমরা মনে রেখেছি। সব ইতিহাস বাংলাদেশকে পরাধীনতার বিরুদ্ধে যুগ যুগ ধরে লড়াই করার অনুপ্রেরণা দিয়েছে।
বিট্রিশবিরোধী আন্দোলনে নূরলদীন কৃষকদের সংগঠিত করেছিলেন। কৃষক সন্তান আবু সাঈদ নিজের বুকে বুলেট নিয়ে জীবন দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছেন। রংপুরের কৃষক-মজলুমেরা বারবার লড়াই করেছেন নিজেদের অধিকারের জন্য। আমরা সেই ইতিহাসকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।