রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে স্পিকারের সঙ্গে পরামর্শ করা হয়। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নাকি একক প্রার্থী থাকবেন, সংসদ অধিবেশন চলবে কি না- এসব বিষয় বিবেচনায় রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সিইসি বলেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়াগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সম্ভাব্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। সময় হলে গেজেটের মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ও অন্যান্য বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হলে তা জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আর যদি একমাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন সব সময় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কমিশন সমান্তরালভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় তালিকা দ্রুত পাওয়ার আশা করছে কমিশন। সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে সংবিধান ও আইনে স্পষ্ট বিধান রয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। তিনি জানান, বিষয়টি কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে এলে তখন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।