Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাংবাদিকদের জীবিকার নিশ্চয়তায় ওয়েজ বোর্ড নিয়ে দ্রুত কাজ করবে সরকার
Published : Tuesday, 1 September, 2026 at 6:53 PM

সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ছবি: বাসস

সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ছবি: বাসস

সাংবাদিকদের চাকরি ও জীবিকা নিশ্চিত করতে নতুন ওয়েজ বোর্ড নিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া যাবে না। এ বিষয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে।’

আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সংবাদকর্মীদের জীবনযাত্রার ব্যয়ভার, চাকরির অনিশ্চয়তা এবং অষ্টম ও নবম ওয়েজ বোর্ডের জটিলতার বিষয়টি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের যদি আমরা তাদের চাকরি এবং জীবিকাকে সঠিকভাবে নিশ্চিত করতে না পারি, তবে বেটার জার্নালিজম বা ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। আমরা এ বিষয়ে নীতিগতভাবে সম্পূর্ণ একমত এবং নিশ্চিত করছি যে, এ ব্যাপারে সরকার খুব দ্রুত কাজ করবে।’

সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই বাস্তবায়ন, আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না।’

সরকারি কর্মচারীদের পে-স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতোমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে, ঢালাওভাবে বাজারে টাকা বেড়ে মূল্যস্ফীতি দ্বিগুণ হওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা সঠিক নয়।

একই সাথে তিনি জানান, মূল্যস্ফীতির চাপ সামলাতে এ বছরের শেষ নাগাদ দেশের ৪১ লাখ পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে ২ কোটি প্রান্তিক মানুষ সরাসরি সুফল পাবেন।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
একনজরে নবম পে-স্কেল: কোন গ্রেডে কত বেতন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up