Published : Saturday, 5 September, 2026 at 10:25 AM
সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, ছবিঃ সংগৃহীত
বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ভিয়াকা শহরের এক সামরিক ঘাঁটিতে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিস্ফোরক রাসায়নিক সংরক্ষণ করা একটি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।
ভিয়াকা শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, এ ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়া আহত হয়েছেন আরও ৬২ জন। রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন কিশোরী গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিটা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেখানে আরও বিস্ফোরণের আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে অবস্থান করার জন্য সবাইকে অনুরোধ করেছে।