Published : Monday, 21 September, 2026 at 12:40 PM
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
একইভাবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খানকে বদলি করে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।