৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, ছবিঃ সংগৃহীত
শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, জাপানের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসায় বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী টোকিওর কাছ দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। এরই মধ্যে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় শত শত ফ্লাইট বাতিল এবং বিভিন্ন এলাকায় রেল চলাচল ব্যাহত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি টোকিওসহ কান্টো অঞ্চলের কাছাকাছি পৌঁছালে পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। শনিবার থেকে ইজু দ্বীপপুঞ্জ, চিবা ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। সোমবার বিকেল থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।
আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, মধ্য জাপান ও কান্টো অঞ্চলে দীর্ঘ সরল বৃষ্টিপাতের রেখা তৈরি হতে পারে। এতে অল্প সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট এলাকায় অতিভারী বৃষ্টিপাত হয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। নিচু এলাকা, নদীতীর ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
টাইফুনের প্রভাবে ইতোমধ্যে চিবা প্রদেশের ৪ হাজারের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মধ্য জাপানের আইচি প্রদেশে চলমান এশিয়ান গেমসের ঘোড়সওয়ারির একটি ইভেন্ট পেছানো হয়েছে মঙ্গলবার পর্যন্ত।
টোকিওতে বিশ্বের অন্যতম বড় ভিডিও গেম প্রদর্শনীও নির্ধারিত শেষ দিনের আগেই করা হয়েছে বন্ধ । জাপানের পাঁচ দিনের সরকারি ছুটির সময় ‘সিলভার উইক’ শুরু হওয়ায় টাইফুনটি দেশটির অভ্যন্তরীণ ভ্রমণেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ব্যাপক প্রভাব পড়েছে দেশটির বিমান চলাচলেও। সোমবার জাপান এয়ারলাইনসের ১২০টি অভ্যন্তরীণ ও ১৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। অন্যদিকে অল নিপ্পন এয়ারওয়েজ বাতিল করেছে ১৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট। অর্থাৎ দুই এয়ারলাইন মিলিয়ে অন্তত ২৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
টোকিও ও আশপাশের কয়েকটি রেলপথেও সেবা স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে পরিবহন ব্যবস্থায় নতুন করে পরিবর্তন আসতে পারে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনের প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস ও ঢেউ আরও বাড়তে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।