ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক, ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও ভোট পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে নেপাল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল।
বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক শুরু হয়।
নেপাল নির্বাচন কমিশনের কমিশনারসহ দেশটির মোট ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে বাংলাদেশের আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।