Published : Tuesday, 29 September, 2026 at 6:01 PM
ডেঙ্গু আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছরে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৬৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩, ঢাকা বিভাগে ১ ও ঢাকার দুই করপোরেশন এলাকার একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৩, চট্টগ্রাম বিভাগে ৩০১, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯, খুলনা বিভাগে ২৬৪, ময়মনসিংহ বিভাগে ১২০, রাজশাহী বিভাগে ১৯৭, রংপুর বিভাগে ৫৬ ও সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।