Published : Tuesday, 29 September, 2026 at 3:39 PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবিঃ সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমরা জিততে যাচ্ছি। আমার যতদূর মনে হয়, এটা যে কোনোভাবেই ঘটবে। এটা বেশ দ্রুতই হয়ে যাবে।’
যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে জ্বালানির দামও দ্রুত কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে নতুন উদ্যোগের অংশ হিসেবে সোমবার মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলাদাভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন।
আলোচনার বিষয়ে জানেন এমন এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান যে প্রস্তাব দিয়েছিল, তার সংশোধিত একটি সংস্করণকে কেন্দ্র করে পরবর্তী আলোচনা হতে পারে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। সাত মাসের এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। একই সময়ে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারেও বড় ধরনের প্রভাব পড়েছে।
এর আগে এপ্রিল ও জুনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দফা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে দুই চুক্তিই দ্রুত ভেস্তে যায়।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখনো নিউইয়র্কে রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্র ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে দেওয়া শর্তগুলোর জবাব দেবে।
আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই চুক্তি বা শান্তিপূর্ণ সমাধান চায়, তাহলে ইরান সেই সমাধানের প্রস্তাব ইতোমধ্যে দিয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। তবে এসব আলোচনায় কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।