দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট প্রাণহানি ১ হাজার ১১৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এ সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও একজনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।