Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজও ঢামেকে চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও স্বজনদের ভোগান্তি
Published : Wednesday, 28 October, 2026 at 2:11 PM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, ছবিঃ সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, ছবিঃ সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট। এতে অ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ২ নম্বর ভবনের সামনে অনেক রোগী ও তাদের স্বজনকে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

শাহীন গাজী নামে এক রোগীর ভাই শামীম গাজী জানান, তার ভাই হাসপাতালের নতুন ভবনে ভর্তি। ব্রেন স্ট্রোকের পর চিকিৎসক তাকে এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। এ জন্য তারা লালবাগের ইবনে সিনা হাসপাতালে যাবেন। তাদের বাসা ঢাকার সাভারে। কিন্তু অ্যাম্বুলেন্স না পেয়ে ৩০ মিনিট ধরে অপেক্ষা করছেন তাঁরা।

৮০ বছর বয়সী রোগী শাহজাহান মিয়ার মেয়ে শাহিনা আক্তার জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলবে। গত ১৭ অক্টোবর তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাকে ছাড়পত্র দেওয়া হলেও অ্যাম্বুলেন্স না পাওয়ায় বাড়ি ফিরতে পারেননি। বুধবার সকাল থেকেও অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেও না পেয়ে শেষ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় বাবাকে নিয়ে যাচ্ছেন তিনি।

জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন সীমা আক্তার নামে এক রোগীর ভাই রেজাউল করিম। তিনি জানান, মঙ্গলবার মাওয়া রোডে সড়ক দুর্ঘটনায় তাঁর বোন আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসার পর তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু দুই থেকে তিন ঘণ্টা চেষ্টা করেও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি তিনি। পরে ৯৯৯ নম্বরে ফোন করেও সহায়তা পাননি। শেষ পর্যন্ত জরুরি বিভাগের সামনে থাকা ঢাকা মেডিকেলের সরকারি অ্যাম্বুলেন্সের চালক তাদের পঙ্গু হাসপাতালে পৌঁছে দিতে রাজি হন। পরে ওই অ্যাম্বুলেন্সেই বোনকে নিয়ে যাচ্ছেন তিনি।

শফিক আহমেদ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, পুরো হাসপাতালই সিন্ডিকেটের মাধ্যমে চলছে। অ্যাম্বুলেন্স সেবাও এর বাইরে নয়। বাইরে থেকে অ্যাম্বুলেন্স এনে রোগী নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চালকেরা বাধা দিচ্ছেন। রোগীদের জিম্মি করে তারা আন্দোলন করছেন। সরকারের উচিত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমন আলী জানান, তাদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বুধবারের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকেও ধর্মঘটের ডাক দেওয়া হবে।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up