ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুর মহানগরীর কাশিমপুরের পোশাক কারখানা সুপ্রিম স্ট্রিজের গোডাউনে লাগা আগুন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে, এদিন সকাল ১০টা ১৪ মিনিটের দিকে মহানগরীর কাশিমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের শৈলডুবী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন পাশের ডিবিএল গ্রুপের একটি সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে সুপ্রিম স্ট্রিজ পোশাক কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ডিবিএল গ্রুপের একটি সুতার গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পরবর্তী তথ্যের অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।