| শিরোনাম: |
|
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, ছবি: সংগৃহীত
তাপমাত্রায় নতুন রেকর্ড
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার জানিয়েছে, ২০২৬ সাল বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার পথে রয়েছে। এল নিনোর প্রভাবে মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন আরও তীব্র হচ্ছে।
ইউরোপীয় মাঝারি মেয়াদি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ইসিএমডব্লিউএফ কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রটির জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেন, ‘অক্টোবরেও বিশ্বজুড়ে অস্বাভাবিক উষ্ণতার ধারা অব্যাহত ছিল। এ সময় ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে।’ তিনি বলেন, ‘মানব কর্মকাণ্ডের কারণে আগে থেকেই উষ্ণ হয়ে ওঠা জলবায়ুতে অত্যন্ত শক্তিশালী এল নিনো আরও তাপ যোগ করছে।’
এল নিনো প্রাকৃতিক জলবায়ু চক্রের একটি উষ্ণ পর্যায়। এ সময় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যায়। এর ফলে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসে। কোনো কোনো অঞ্চলে খরা ও বন্যার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবও আরও তীব্র হয়। বিশেষজ্ঞরা জানান, এল নিনোর কারণে ২০২৭ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হয়ে উঠতে পারে।
পেরুতে জরুরি অবস্থা
এল নিনোর প্রভাবে বন্যার ‘আসন্ন বিপদ’ বিবেচনায় পেরু সরকার মঙ্গলবার দেশটির বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর আগে একই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বলিভিয়াও জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। এল নিনোর সময় ল্যাটিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে পেরুর উত্তরাঞ্চলীয় তুম্বেস ও পিউরা অঞ্চলের বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ৯০ লক্ষাধিক মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
শ্রীলঙ্কায় বিদ্যুৎ পরিস্থিতি
এশিয়ার কয়েকটি অঞ্চলে এল নিনোর প্রভাবে খরা দেখা দেওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে যাওয়ায় জলবিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিতে পারে।
তবে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি। এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ায় জলবিদ্যুৎ জলাধারগুলোতে পানির মজুত বেড়েছে। এ কারণেই প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের প্রথমার্ধে দেশটিতে তীব্র খরা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বেশি ব্যয়বহুল ও পরিবেশদূষণকারী তাপবিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভর করতে হবে।
বর্তমানে শ্রীলঙ্কার মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৭০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করা হয়। এর মধ্যে প্রধানত জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ রয়েছে। বাকি চাহিদা কয়লা ও ডিজেল থেকে পূরণ করা হয়।
ফিলিপাইনে বিশেষ তহবিল
এল নিনোর প্রভাব মোকাবিলায় ফিলিপাইন এ সপ্তাহে ৯৮ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে। কৃষিতে জলবায়ুজনিত ঝুঁকির প্রভাব কমাতে এ অর্থ ‘এল নিনো মোকাবিলা পরিকল্পনা’র আওতায় ব্যয় করা হবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮ শতাংশ আসে কৃষি খাত থেকে। এ খাতে কর্মসংস্থান হয়েছে দেশটির প্রতি চারজন মানুষের একজনের।
ধান উৎপাদন কমেছে
ফিলিপাইনের কৃষি বিভাগ জানিয়েছে, এল নিনোর প্রভাব এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশটিতে ধান উৎপাদন আগের তুলনায় ১৮ শতাংশ কমেছে। দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগ বুধবার জানিয়েছে, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম থেকে অনেক কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সংখ্যায় এল নিনো
৩ : ১৯৫০-এর দশকে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে নভেম্বর মাসে মেরু ঘূর্ণিবায়ুর (পোলার ভর্টেক্স) স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটার ঘটনা এ নিয়ে তিনবার ঘটেছে।
বিজ্ঞানীরা এ সপ্তাহে জানিয়েছেন, এবার মৌসুমের স্বাভাবিক সময়ের অনেক আগেই এ ধরনের নজিরবিহীন বিঘ্ন দেখা যাচ্ছে। এতে তীব্র শৈত্যপ্রবাহের ঝুঁকি বাড়ছে। এর সঙ্গে এল নিনোর যোগসূত্র থাকার সম্ভাবনাও রয়েছে।
২০ : কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সাল বিশ্বের উষ্ণতম বছর হওয়ার ক্ষেত্রে ২০২৪ সালের সমান বা তার চেয়ে বেশি উষ্ণ হওয়ার আশঙ্কা ২০ শতাংশ।
৩৩ : এএফপির করা কোপার্নিকাসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরে বিশ্বের ৩৩টি দেশ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে।
খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ধরন ব্যাহত হয়। কোনো অঞ্চলে অতিবৃষ্টি দেখা দেয়, আবার কোনো অঞ্চলে দেখা দেয় খরা। উভয় পরিস্থিতিই ফসলের উৎপাদন এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত শস্যের ফলনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে মজুত খাদ্যশস্য নষ্ট হওয়ার পাশাপাশি বাজারে পণ্য পৌঁছানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবহনব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, ফসল ঘরে তোলার আগেই এসব প্রভাব দেখা দিতে পারে। তিনি এএফপি’কে বলেন, ‘ভবিষ্যতে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকেই বাজারে প্রতিক্রিয়া তৈরি হয়। অনিশ্চয়তা নিজেই বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।’
এ বছর এল নিনোর প্রভাব আরও তীব্র হয়েছে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির ধাক্কায়। এ যুদ্ধের ফলে কৃষকদের জ্বালানি ও সারের ব্যয় বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে পরিবারের দৈনন্দিন ব্যয়েও এর প্রভাব পড়েছে।
তোরেরো বলেন, ‘অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য খাদ্যপণ্যের দাম সামান্য বাড়লেও তার পরিণতি হতে পারে গুরুতর।’ ‘দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের বড় একটি অংশ খাবারের পেছনে ব্যয় করে। ফলে খাদ্যপণ্যের দাম হঠাৎ বেড়ে গেলে সামর্থ সীমিত হওয়ায় তারা তা সামাল দিতে সক্ষম হয় না।’ এর ফলে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যেতে পারে, খাদ্যের মান নেমে আসতে পারে। শেষ পর্যন্ত খাদ্যনিরাপত্তাহীনতা ও অপুষ্টি বাড়তে পারে বলে জানান তিনি।
গত সেপ্টেম্বরে এফএও জানায়, এল নিনোর কারণে খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা ২২টি দেশে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটি ২০ কোটি ২০ লাখ ডলার সহায়তা চেয়েছিল। কিন্তু এ পর্যন্ত চাওয়া অর্থের মাত্র এক-পঞ্চমাংশ পেয়েছে সংস্থাটি।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|