Published : Saturday, 14 November, 2026 at 2:23 PM
পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ছবিঃ সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ এসব কারখানায় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকবে । অর্থাৎ, কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও ৮টি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা।
শিল্প পুলিশ জানায়, শনিবার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ৪০টি কারখানা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আটটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় নজরদারিও জোরদার করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকেরা। গত মঙ্গলবার (১০ নভেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। বর্তমানে শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা এক সপ্তাহ সময় চেয়েছে।