Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার
Published : Sunday, 15 November, 2026 at 1:55 PM

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এই ধরনের কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত, বাহিনী কখনো এর দায় নেবে না।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপির কমিশনার এসব কথা বলেন।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, এটা তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং এই ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। বাহিনী কখনো তার দায় নেবে না। এটি তার ব্যক্তিগত দায় হিসেবেই গণ্য করা হবে।

সিএমপি কমিশনার জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং পাঁচলাইশ থানায় তা দাখিল করা হয়। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলা, সেহেতু আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন নেওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়।

মামলা রুজু করার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় জানিয়ে কমিশনার বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট করবে এবং নিয়ম অনুযায়ী আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয় কি না, এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার কোনো বিষয় নয়। কারণ, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, তা তার একান্তই ব্যক্তিগত দায়।

এ সময় তিনি বলেন, বার্তাটি স্পষ্ট, যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুঠোফোনে পাওয়া গেছে দুই ‘বড় বার্তা’

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও বলা হয়েছিল।

ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

যে অভিযোগে মামলা

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলাটি করেন। নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। বর্তমানে সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি
Sunday, 15 November, 2026
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up