Published : Tuesday, 17 November, 2026 at 12:15 PM
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ছবিঃ সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায় শুরু হবে।
রূপপুর প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়া হলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিত সরবরাহ করা সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’
তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই অনুমোদন দেওয়া হবে।
রূপপুর কেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দুই দফায় মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।