Published : Saturday, 21 November, 2026 at 4:49 PM
হাসপাতালে হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ৯২৫ জনের শরীরে। এ সময়ে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৩৮ জন। আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
উপসর্গ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ৫৫৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২২১, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।
স্বাস্থ্য অধিদফতর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নিরূপণ করা কঠিন।
অধিদফতরের হিসাবে কেবল হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।